Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে যাচ্ছে কোটি টাকার ওষুধ সামগ্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে যাচ্ছে কোটি টাকার ওষুধ সামগ্রী

April 23, 2026 02:46:34 PM   দেশেরপত্র ডেস্ক
প্রধানমন্ত্রীর অনুদানে ইরানে যাচ্ছে কোটি টাকার ওষুধ সামগ্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানের জনগণের জন্য জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুদানে এক কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেশটিতে পাঠানো হচ্ছে, যা যুদ্ধ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহনাবাদি-এর কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর। তারা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সবসময় শান্তি ও মানবতার পক্ষে অবস্থান নেয়। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহনাবাদি এই মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বজুড়ে সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জনগণের জন্য এই সহায়তা মানবিক দায়িত্বের অংশ।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত ও ক্ষতিগ্রস্ত জনগণের চিকিৎসা সহায়তার জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।