


ইরানের সঙ্গে খুব শিগগিরই একটি সমঝোতা বা চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মে) ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন।
ব্রেট বায়ার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সবকিছু ঠিকভাবে এগোলে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হতে পারে। তবে বিষয়টিকে তিনি “সতর্ক আশাবাদ” হিসেবেই দেখছেন বলেও উল্লেখ করেন এই সাংবাদিক।
সম্ভাব্য চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা। এই দুটি ইস্যুকেই আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে।
একই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। তারাও চুক্তিতে আগ্রহী। শেষ পর্যন্ত কী হয়, সেটাই এখন দেখার বিষয়।”
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফা হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের উদ্বেগ তৈরি করে।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী কোনো সমাধান হয়নি, তবুও ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়িয়ে দেয়।
অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। তবে মঙ্গলবার (৫ মে) ট্রাম্প ঘোষণা দেন, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে শুরু করা মার্কিন বিশেষ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকবে। যদিও মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে বলে জানানো হয়েছে।