


দীর্ঘ প্রস্তুতি ও অপেক্ষার পর শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সারাদেশে একযোগে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। কঠোর নির্দেশনা মেনে সকাল ১০টা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা হয়। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।
এবারের পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে। সেগুলো হলো-
১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি, পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা হবে; মাঝখানে বিরতি থাকবে না।
৪. পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর প্রদান করা হবে।
৬. উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।
৮. নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে।
১০. শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সব ধরনের পরীক্ষার জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
এদিকে প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে সময়সূচিতে পরিবর্তন এসেছে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।
সামগ্রিকভাবে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরীক্ষার্থীদেরও নিয়ম মেনে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।