Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / খুলনা হাসপাতালে অনিয়মে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, খাবার মুখে নিয়েই ফেলে দিলেন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

খুলনা হাসপাতালে অনিয়মে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, খাবার মুখে নিয়েই ফেলে দিলেন!

May 20, 2026 05:51:44 PM   দেশেরপত্র ডেস্ক
খুলনা হাসপাতালে অনিয়মে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, খাবার মুখে নিয়েই ফেলে দিলেন!

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা ও খাদ্যমান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য তৈরি খাবারের মান যাচাইয়ের সময় তাৎক্ষণিকভাবে তা মুখে নিয়ে ফেলে দেন। এ ঘটনায় হাসপাতালজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

বুধবার (১৯ মে) সকালে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের কাছ থেকে সরাসরি অভিযোগ শোনেন।

পরিদর্শনের শুরুতেই জেনারেল হাসপাতালের জলাতঙ্কের টিকা কর্নার ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় ভুক্তভোগী রোগীরা তাকে জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে। এই অভিযোগ শুনে মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনেন।

মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে সরাসরি প্রশ্ন করেন কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। জবাবে তিনি জানান, প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ না থাকায় এই সংকট দেখা দিয়েছে।

তবে পরবর্তীতে মন্ত্রী ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে ফোন করে জানতে পারেন, ভ্যাকসিন আনার বিষয়ে যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে তিনি আরও ক্ষুব্ধ হন এবং দায়িত্বে অবহেলার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য রান্না করা খাবারের মান দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে খাবার মুখে নিয়ে ফেলে দেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, “এ ধরনের খাবার আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?”

এ সময় তিনি রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন এবং সুপারিনটেনডেন্টকে দ্রুত উন্নতির ব্যবস্থা নিতে বলেন।

পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসক হুরে জান্নাত উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আগুনে ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটারও পরিদর্শন করেন। তিনি সেখানে আগুনে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং চিকিৎসা সেবায় বিঘ্নের বিষয়টি ঘুরে দেখেন।

উল্লেখ্য, একই দিনে সকাল ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ও অপারেশন থিয়েটার রুমে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও স্বজনরা দ্রুত বের হতে গিয়ে অনেকে আহত হন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।