Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / পাকিস্তানকে হোয়াইটওয়াশ: বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াত আমিরের অভিনন্দন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ: বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াত আমিরের অভিনন্দন

May 20, 2026 04:53:05 PM   অনলাইন ডেস্ক
পাকিস্তানকে হোয়াইটওয়াশ: বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াত আমিরের অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মিরপুর ও সিলেটে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে এবং এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বুধবার (২০ মে) দেওয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি দেশবাসীকেও এই ঐতিহাসিক অর্জনের অংশীদার হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর সিলেটেও বাংলাদেশ দল যেভাবে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে, তা দেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের ব্যবধানে হারিয়ে টাইগাররা যে কৃতিত্ব দেখিয়েছে, তা পুরো জাতিকে আনন্দিত ও গর্বিত করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচে জয় বাংলাদেশের ক্রিকেটের সক্ষমতা ও আত্মবিশ্বাসের বড় প্রমাণ। এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন আরও পরিণত ও শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।

ডা. শফিকুর রহমান বলেন, সিরিজের শেষ ম্যাচে পঞ্চম দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশের ক্রিকেটাররা অসাধারণ সাহস, দক্ষতা ও দলীয় ঐক্যের পরিচয় দিয়েছে। প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে জয় ছিনিয়ে আনার মানসিকতা দেশের ক্রীড়াপ্রেমীদের নতুন করে আশাবাদী করেছে।

তিনি মনে করেন, খেলাধুলায় এ ধরনের বড় সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

বিবৃতির শেষাংশে তিনি বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।