


গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে এক মসজিদের ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে একই এলাকার বখাটে আবিদ, সুমিতসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি বাসার তালা ভেঙে ইমামের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত কিশোরী গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার বায়তুল মোত্তাকিন জামে মসজিদের ইমাম ও খতিব মো: হাদিউল ইসলামের মেয়ে। তার বয়স ১৫ বছর ৪ মাস বলে জানিয়েছেন তার বাবা।
মো: হাদিউল ইসলাম জানান, তিনি প্রায় ২০ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন এবং পরিবারসহ শ্রীপুর উপজেলায় বসবাস করছেন।
তিনি অভিযোগ করে বলেন, “গত বুধবার আমার বাসার তালা ভেঙে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মি কায়দায় আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
এ ঘটনায় গত শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন, “অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং অপহৃত মেয়েটিকে নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় থাকে।
একই সঙ্গে তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।