


শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার চাকধ, গৌরাঙ্গবাজার, লনসিং ও বৈশাখীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি চোরাই পানি পাম্প উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারেক হোসেন মজুমদার (২৭), নড়িয়ার বাঁশতলা এলাকার বাবু বেপারী (১৯) এবং চাকধ এলাকার সাগর আহমেদ ছৈয়াল (২৮), কাওসার বেপারী (২৬) ও বিল্লাল হোসেন মোল্লা (৩৬)। তারেক হোসেন মজুমদার বর্তমানে নড়িয়ার বৈশাখীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কাওসার বেপারী ও সাগর আহমেদ ছৈয়ালের কাছ থেকে চুরিকৃত দুটি পুরাতন পানি পাম্প উদ্ধার করা হয়েছে।
নড়িয়া থানা পুলিশ আরও জানিয়েছে যে গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা নিশ্চিত হতে তাদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।