


চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বিক্ষোভ শেষে সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, দেশে আবারও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের দাবি।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আবাসিক হল, লাইব্রেরি ও চায়ের স্টলসহ বিভিন্ন স্থানে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক-এর সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, অতীতের গণআন্দোলনের ধারাবাহিকতায় দেশে স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।
এসময় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন এবং ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকে বিতাড়নের আহ্বান জানান।
এর আগে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।