


পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষ্যা ইউনিয়নের সিংগারি গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে জেলি ও কেমিক্যাল মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। পরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
অভিযানে ২০০ লিটার জেলি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। আদালতের নির্দেশে জব্দকৃত জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেন। অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।