


হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা দ্রুত জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
প্রতি বছর ইসলামী মাসগুলোর সূচনা নির্ভর করে চাঁদ দেখার ওপর। সেই ধারাবাহিকতায় জিলকদ মাসের চাঁদ দেখা সাপেক্ষেই নতুন মাসের গণনা শুরু হবে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন নম্বর—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭—এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে।