Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

November 12, 2025 12:13:40 PM   দেশেরপত্র ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

রাজধানীতে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনের মূল ফটকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে এসব স্থাপনার তালাবদ্ধ ছবিসহ একটি পোস্ট দেন। তিনি লেখেন, “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

একই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন, “দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।” তিনি আরও লেখেন, “এ দেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিতে হবে। লকডাউন বিএসল, তালা লাগানো হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি। ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ করছি এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটির তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে তার কথা হয়েছে। তবে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি।