Date: April 27, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

April 27, 2026 10:29:50 AM   দেশেরপত্র ডেস্ক
ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকাসহ ১৩টি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এমন পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নৌযানগুলো আগাম সতর্কতা নিয়ে চলাচল করতে পারে।

অন্যদিকে, ঢাকাসহ মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলেও ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর পার্শ্ববর্তী এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে, যা কয়েকদিন ধরে স্থায়ী হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে পানি জমে জনদুর্ভোগ বাড়তে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।