Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / দেশে নতুন ভোটার যোগ হলো ৬ লাখের বেশি, মোট ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে নতুন ভোটার যোগ হলো ৬ লাখের বেশি, মোট ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ

May 14, 2026 04:06:04 PM   দেশেরপত্র ডেস্ক
দেশে নতুন ভোটার যোগ হলো ৬ লাখের বেশি, মোট ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ

বাংলাদেশে ভোটার সংখ্যা আরও বেড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার। ফলে বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন ২০২৬ সালের চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে। নতুন তালিকায় দেখা গেছে, আগের বছরের তুলনায় ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এর আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সর্বশেষ হালনাগাদের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। অর্থাৎ এক বছরে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।

নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এ সময়ে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ।

ইসি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নিয়মিত হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের তথ্যও বাদ দেওয়া হচ্ছে, যাতে ভোটার তালিকা আরও নির্ভুল ও গ্রহণযোগ্য থাকে।

আসন্ন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ এই ভোটার তালিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।