


নাটোরের সিংড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল গ্রুপ ও কালাম গ্রুপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে সিরাজুল গ্রুপের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ আরও কয়েকজন এবং কালাম গ্রুপের হাসি, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ অনেকে রয়েছেন।
তাদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।