


ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আবারও কড়া মন্তব্য করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে সমর্থন করা অব্যাহত রাখে, তাহলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা নাকি ইতিহাসে হারিয়ে যাওয়া—এই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক বিশেষ অধিবেশনে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠান চলাকালীন এক প্রশ্নের জবাবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।
তিনি বলেন, যদি সীমান্তে আবারও আগের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনীর জবাব হবে আরও কঠোর। পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে—তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যেতে চায়।
সেনাপ্রধানের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন কয়েক দিন আগেই ভারত সরকার ও সেনাবাহিনী ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে।
উল্লেখ্য, গত বছরের সংঘটিত ওই ঘটনার পটভূমিতে কাশ্মীরের পাহালগামে একটি প্রাণঘাতী হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) এলাকায় একাধিক সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় বলে দাবি করা হয়। এই সামরিক অভিযানকে ‘অপারেশন সিন্দুর’ নামে উল্লেখ করা হয়।
পরবর্তীতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ ও উত্তেজনা কয়েক দিন ধরে চলতে থাকে। টানা প্রায় ৮৮ ঘণ্টা সংঘাতের পর শেষ পর্যন্ত উভয় পক্ষের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে ১০ মে একটি যুদ্ধবিরতি সমঝোতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তবে সাম্প্রতিক এই মন্তব্যকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।