


মার্কিন ও চীনের কূটনৈতিক সফরের মধ্যে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ঘটনা। চীন সফরের সময় দেওয়া বিভিন্ন উপহার ও স্মারক সামগ্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বিমানেই ওঠার আগে ফেলে দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল বেইজিং সফর শেষে দেশে ফেরার সময় এই ঘটনা ঘটে। সফরের সময় চীনা কর্তৃপক্ষ তাদের বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস আমন্ত্রণপত্র এবং বিভিন্ন স্মারক উপহার দেয়।
তবে বিমানবন্দর ত্যাগের আগে এসব উপহার ও সামগ্রী সঙ্গে না নিয়ে সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ মে) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন নিরাপত্তা দল চীনের দেওয়া সব উপহার বাতিল করে দেয়। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও হোয়াইট হাউস নিরাপত্তা বিভাগ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে।
নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গডিন জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে চীনা উৎসের কোনো ডিভাইস বা স্মারক বিমানে নেওয়ার অনুমতি ছিল না। সম্ভাব্য নজরদারি বা ট্র্যাকিং ঝুঁকি এড়াতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, সব চীনা সামগ্রী সংগ্রহ করে বিমানটিতে ওঠার আগেই ফেলে দেওয়া হয় এবং কোনো কিছুই সংরক্ষণ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে উত্তেজনা রয়েছে, যা এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ একে নিরাপত্তা সতর্কতা হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবে মন্তব্য করছেন।