Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / পদ্মার দুই ইলিশ, ১৯ হাজার ৭০০ টাকায় বিক্রি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পদ্মার দুই ইলিশ, ১৯ হাজার ৭০০ টাকায় বিক্রি!

November 07, 2025 05:45:39 PM   অনলাইন ডেস্ক
পদ্মার দুই ইলিশ, ১৯ হাজার ৭০০ টাকায় বিক্রি!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার দুইটি বিশাল ইলিশ বিক্রি হয়েছে চমকপ্রদ মূল্যে—১৯ হাজার ৭০০ টাকায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ওজন ৪ কেজি ৩৮০ গ্রাম এই দুইটি ইলিশ কিনেছেন দক্ষিণ কোরিয়ায় থাকা এক প্রবাসী, যিনি পরিবারের জন্য মাছ দুটি ক্রয় করেন।

এর আগে ভোরে দৌলতদিয়া ঘাটের হালিমের আড়তে মাছ দুটি নিলামে ওঠে। নিলামে স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৮ হাজার ৮০০ টাকায় মাছ দুটি কিনে নেন। পরে তিনি সেগুলো প্রতি কেজি ৪ হাজার ৫০০ টাকা দরে ১৯ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন ওই প্রবাসীর কাছে।

শাজাহান শেখ জানান, প্রবাসী ক্রেতাটি আগেই তার সঙ্গে যোগাযোগ করে পদ্মার বড় ইলিশের অর্ডার দিয়েছিলেন। মাছ দুটি ক্রয়ের পর সেগুলো মাদারিপুরে প্রবাসীর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পদ্মায় আবারও বড় আকারের ইলিশ ধরা পড়ছে, যা জেলেদের জন্য উৎসাহজনক খবর। সাধারণত পদ্মায় ২ কেজির বেশি ওজনের ইলিশ পাওয়া বিরল, তাই এ ধরনের বড় মাছ ধরা পড়া ইলিশপ্রেমীদের জন্যও আনন্দের বিষয়।