


এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা চলাকালে চট্টগ্রামের সব পরীক্ষা কেন্দ্র ও হাসপাতাল এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (২১ এপ্রিল) খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, প্রয়োজনে অন্য এলাকা থেকে সমন্বয় করে হলেও গুরুত্বপূর্ণ এসব স্থানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে হবে। পরীক্ষার সময় সামান্য বিঘ্নও শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সুষ্ঠু পরীক্ষা পরিবেশ নিশ্চিতে ম্যাজিস্ট্রেট, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভ্রাম্যমাণ আদালত ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং নির্ধারিত সময়েই প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছেছে। এখন পর্যন্ত পরীক্ষার পরিবেশ সন্তোষজনক।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী ১৭৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।