Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / পুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর!

April 18, 2026 10:51:48 AM   দেশেরপত্র ডেস্ক
পুলিশ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর!

মাগুরা সদর উপজেলায় পুলিশ পরিচয়ে ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গোপাল গ্রামে এ ঘটনা ঘটে।

ছাকাম মোল্যা স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং গোপাল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি সাদা রঙের মাইক্রোবাস তার বাড়ির সামনে এসে থামে। এ সময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি করেন এবং তাকে সঙ্গে যেতে বলেন। তবে পরিবারের কাউকে সঙ্গে নিতে না দিয়ে দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে পরিবার ও স্থানীয়রা জানতে পারেন, পাশের ইউনিয়নের বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে ছাকাম মোল্যাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার পর পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা প্রকৃতপক্ষে পুলিশ নয়, বরং ছদ্মবেশী দুর্বৃত্ত।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরেই তাদের দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।