Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বিকেলে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিকেলে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ

February 07, 2026 11:05:59 AM   ক্রীড়া ডেস্ক
বিকেলে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়শিপের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপালের পোখারায়। লিগ পর্বে ভারতের বিপক্ষে জয় পাওয়ার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসে ভরপুর কোচ পিটার বাটলারের শিষ্যরা। লক্ষ্য—শিরোপা ধরে রাখা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পোখারার মাঠে বিকেল সোয়া ৩টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৮টি গোল করেছে লাল-সবুজের মেয়েরা। তুলনামূলক দুর্বল ভুটানের বিপক্ষে বড় জয় পেলেও শক্তিশালী ভারত ও স্বাগতিক নেপালের বিপক্ষে ছয়টি গোল করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। ধারাবাহিক এই পারফরম্যান্সের সুবাদেই ফাইনালে ফেভারিট হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ।

ফাইনালের আগে দলকে মানসিকভাবে চাঙা রাখতে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার পাশাপাশি চাপমুক্ত রাখার চেষ্টা করেন তিনি। কিরণের বিশ্বাস, ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখবে বাংলাদেশ।

ম্যাচ নিয়ে গণমাধ্যমকে কিরণ বলেন, বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য নতুন কিছু নয়। ধারাবাহিকভাবেই ভালো করছে মেয়েরা। ২০২২ ও ২০২৪ সালে পরপর দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, পাশাপাশি ফুটসালেও শিরোপা জিতেছে। এই ধারাবাহিকতার কারণেই তিনি আশাবাদী, এবারের ফাইনালেও মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনবে।

তবে প্রস্তুতির পথে কিছুটা বাধাও এসেছে। পোখারার মাঠের মান নিয়ে শুরু থেকেই ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। অনুশীলনের সময় চোটে পড়েছেন একাধিক ফুটবলার, যাদের ফাইনালে খেলা নিয়েও শঙ্কা রয়েছে। খেলোয়াড়দের বিশ্রাম দিতে আগের ম্যাচে একাদশে ৭-৮টি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। তবুও শিরোপা জয়ের আগে কোনো অজুহাত দাঁড় করাতে চান না এই ব্রিটিশ কোচ।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পিটার বাটলার বলেন, ভারতের খেলার ধরন সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। তিনি স্বীকার করেন, ভারতের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই এই ম্যাচে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বাংলাদেশকে। অতীতের ভুল বা সমস্যার কথা পেছনে ফেলে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন দলের জন্য ক্ষতিকর না হয়, সেদিকেও সতর্ক থাকতে চান কোচ।

উল্লেখ্য, আগের আসরে ভারত ও বাংলাদেশ যৌথভাবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়ন হয়েছিল। এবার দুই দলই পারফরম্যান্সের জোরে ফাইনালে উঠেছে। ফাইনালের আগে দুই অধিনায়কের হাস্যোজ্জ্বল ফটোসেশন বন্ধুত্বপূর্ণ পরিবেশের ইঙ্গিত দিলেও মাঠের লড়াইয়ে কেউই আর শিরোপা ভাগাভাগি করতে চায় না। আজ পোখারায় তাই অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ এক ফাইনাল, যেখানে লক্ষ্য একটাই—এককভাবে চ্যাম্পিয়ন হওয়া।