Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় নবজাতককে হত্যার পর পুকুরে ফেলার অভিযোগ: মা ও সৎ বাবা গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় নবজাতককে হত্যার পর পুকুরে ফেলার অভিযোগ: মা ও সৎ বাবা গ্রেপ্তার

May 09, 2026 08:10:59 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় নবজাতককে হত্যার পর পুকুরে ফেলার অভিযোগ: মা ও সৎ বাবা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলায় এক নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা এবং তার বর্তমান স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার সাথে বগুড়া শহরের নারুলী এলাকার শুকুর আলীর বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর গত রমজান মাসে নিপা তেলিহারা গ্রামের নুর আলমের ছেলে দুলালকে বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন।

অভিযোগ উঠেছে, গত শুক্রবার রাতে নিপা একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপর লোকলজ্জার ভয়ে তারা নবজাতক শিশুটির গলায় ব্লেড চালিয়ে তাকে হত্যা করেন। পরে প্রমাণ নষ্ট করার জন্য মরদেহটি বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশ পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত নিপা ও তার স্বামী দুলালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর মতে, এই ধরণের নৃশংস ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। নবজাতককে এভাবে হত্যার ঘটনায় পুরো গ্রামে এখন শোক ও ক্ষোভ বিরাজ করছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ইতিমধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।