Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় শিক্ষার্থীর পেঁপে বাগানে বিষ প্রয়োগ, ৩ লাখ টাকার ক্ষতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় শিক্ষার্থীর পেঁপে বাগানে বিষ প্রয়োগ, ৩ লাখ টাকার ক্ষতি

May 09, 2026 08:39:16 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় শিক্ষার্থীর পেঁপে বাগানে বিষ প্রয়োগ, ৩ লাখ টাকার ক্ষতি

ফরিদপুরের সালথায় এক শিক্ষার্থী উদ্যোক্তার পেঁপে বাগানে বিষ প্রয়োগ করে প্রায় শতাধিক গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের গোপীনাথপুর এলাকায় শুক্রবার (৮ মে) কোনো এক সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার বিকেলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আল আমিন শেখ জানান, তার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ২ একর জমিতে ১ হাজার ৬০০টি পেঁপে গাছ রোপণ করে তিনি বাগানটি করেছিলেন। নিয়মিত পরিচর্যার ফলে গাছগুলোতে সবে ফুল ও ফল ধরতে শুরু করেছিল। কিন্তু শুক্রবার বিকেলে তিনি বাগানে গিয়ে দেখতে পান প্রায় শতাধিক পেঁপে গাছ মরে যাচ্ছে। দুর্বৃত্তরা ঘাসমারা বা চপন জাতীয় বিষ প্রয়োগ করে তার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। এই ঘটনায় তার প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আল আমিন এই অমানবিক কাজের সঠিক বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আল আমিন একজন পরিশ্রমী ও মেধাবী তরুণ। পড়াশোনার পাশাপাশি তিনি সবজি চাষ করে এলাকায় সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। এর আগে লাউ চাষ করে তিনি সারা দেশে বেশ আলোচিত হয়েছিলেন। তাকে দেখে এলাকার অনেক বেকার যুবক সবজি চাষে আগ্রহী হয়েছে। তার বাগানে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকাবাসী মর্মাহত। তারা মনে করেন, এই ধরণ এর অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ বলেন, শিক্ষার্থী আল আমিন একজন সফল কৃষি উদ্যোক্তা এবং তিনি খুব সুন্দর একটি পেঁপে বাগান তৈরি করেছিলেন। দুর্বৃত্তরা বিষাক্ত ঔষধ প্রয়োগ করে তার বেশ কিছু গাছ নষ্ট করেছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছি।

পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।