


বাংলাদেশের বয়কটের সুযোগে বিশ্বকাপের মঞ্চে বড় জয়ে অভিযান শুরু করেছে স্কটল্যান্ড। কুড়িয়ে পাওয়া এই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে তারা দেখিয়েছে দারুণ আধিপত্য, আর অন্যদিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে ইতালিকে।
সোমবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে নবাগত ইতালি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানের বিশাল সংগ্রহ গড়ে স্কটিশরা। শুরু থেকেই ইতালির বোলারদের ওপর চাপ সৃষ্টি করে স্কটল্যান্ডের ব্যাটাররা, আর সেই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি ইতালির দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে ইতালি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে তারা কখনোই ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় দলটি। স্কটল্যান্ডের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে ইতালির ব্যাটিং লাইনআপ একের পর এক ভেঙে পড়ে।
ইতালির হয়ে একমাত্র লড়াই করেন বেন মানেন্তি। তিনি ৩১ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া হ্যারি মানেন্তি ৩৭ রান এবং জেজে স্মাটস ২২ রান যোগ করলেও অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। দলের দুর্ভাগ্য আরও বাড়ে অধিনায়ক ওয়েন ম্যাডসেন কাঁধের চোটের কারণে ব্যাটিংয়ে নামতে না পারায়।
এর আগে স্কটল্যান্ডের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জর্জ মানসি। ৫৪ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শেষ দিকে ব্র্যান্ডন ম্যাকমুলেন ও মাইকেল লিস্কের ঝোড়ো ব্যাটিং স্কোর ২০০ পার করতে বড় ভূমিকা রাখে।
বল হাতেও উজ্জ্বল ছিলেন মাইকেল লিস্ক। চার ওভারে মাত্র ১৭ রান খরচায় চারটি উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডের জয়ের নায়ক হন তিনি। ব্যাট ও বল—দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্সের ফলে বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরেছে স্কটল্যান্ড। আর ইতালির প্রথম বিশ্বকাপ ম্যাচ শেষ হয়েছে হতাশা নিয়েই।