


কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এসএসসি পরীক্ষার মাত্র একদিন আগে ভুল প্রবেশপত্র পেয়ে চরম বিপাকে পড়েছে এক শিক্ষার্থী। মানবিক বিভাগের ছাত্রী মোছা. জারিন তাসনিন সন্ধি পেয়েছে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রবেশপত্র দেওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। সন্ধি মানবিক বিভাগে পড়াশোনা করলেও তাকে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র দেওয়া হয়।
জানা গেছে, সন্ধি দীর্ঘদিন ধরে মানবিক বিভাগের ভূগোল, অর্থনীতি ও ইতিহাসসহ অন্যান্য বিষয়ে পড়াশোনা করেছে এবং দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। কিন্তু হঠাৎ করে ভিন্ন বিভাগের প্রবেশপত্র পেয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
সন্ধি জানায়, “২১ এপ্রিল পরীক্ষা। এতদিন মানবিকে পড়েছি, এখন হঠাৎ বাণিজ্যের প্রবেশপত্র পেয়েছি। এটা দেখে মাথা ঘুরে গেছে। মানবিকের প্রবেশপত্র না পেলে পরীক্ষা দেব না।”
পরিবারের সদস্যরাও দ্রুত বিষয়টির সমাধান চান। তার নানা বাদল বিশ্বাস বলেন, “এভাবে হঠাৎ বিভাগ পরিবর্তন হলে একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে।”
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থী যে বিভাগে রেজিস্ট্রেশন করেছে, সে অনুযায়ী প্রবেশপত্র এসেছে। তবে বিষয়টি সমাধানে বোর্ডের সঙ্গে কথা বলা হবে।
অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফারজানা আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বলেন—উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।