Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রোহিঙ্গা সংকটের সমাধান রাখাইনেই, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

রোহিঙ্গা সংকটের সমাধান রাখাইনেই, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

April 18, 2026 06:09:55 PM   দেশেরপত্র ডেস্ক
রোহিঙ্গা সংকটের সমাধান রাখাইনেই, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তার বাইরে গিয়ে প্রত্যাবাসনের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–২০২৬ এর ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং এর দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তার মতে, শুধু ত্রাণ ও মানবিক সহায়তা দিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি আরও গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সহায়তা কমে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এ অবস্থায় অর্থায়ন বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা এবং রাখাইনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. খলিলুর রহমান জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষই তার সঙ্গে ইতিবাচকভাবে যোগাযোগ করেছে, যা ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে আশার ইঙ্গিত বহন করে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট কোনো অমীমাংসিত সমস্যা নয়। সঠিক আন্তর্জাতিক সমন্বয়, রাজনৈতিক সদিচ্ছা এবং ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে এর টেকসই সমাধান সম্ভব।