


নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মহান মে দিবস ও বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় তামাকবিরোধী আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমরা ধূমপান নিবারণ করি’ (আধূনিক: আমরা ধূমপান নিবারণ করি) এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের আয়োজনের মূল লক্ষ্য ছিল শ্রমজীবী মানুষের মধ্যে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারপারসন ও মানবাধিকার কর্মী মনসুর আহমেদ চৌধুরী। আধূনিক-এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হাসিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের কন্যা ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিনা ইসলাম।
বক্তারা বলেন, দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ শ্রমজীবী এবং তাদের মধ্যে তামাক ব্যবহারের হার তুলনামূলকভাবে অনেক বেশি। তামাকের কারণে শ্রমিকরা নানা ধরণের মরণব্যাধিতে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারাচ্ছেন। তাই তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত জরুরি।
অধ্যাপক ডা. মিনা ইসলাম তার বক্তব্যে আধূনিক-এর প্রতিষ্ঠার পটভূমি এবং দীর্ঘ লড়াইয়ের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। আধূনিক-এর নির্বাহী সচিব মোহাম্মদ আব্দুল জব্বার বাংলাদেশে তামাক ও ধূমপান নিয়ন্ত্রণ আইন প্রণয়নের সূচনালগ্ন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন র রশিদ, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কানিজ মওলা, চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশিদ,দারুসসালাম ইউনিভার্সিটি সোমালিয়ার ভিসি প্রফেসর ড. আসিফ মিজান, দৈনিক দেশেরপত্রের সম্পাদক এসএম সামসুল হুদা, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা।
এছাড়া উপস্থিত ছিলেন ফুটবল তারকা কায়সার হামিদ, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা মো. নিয়ামত আলী, ব্যারিস্টার ওমর সাদাত, উন্নয়ন বার্তার প্রধান সম্পাদক শেখ মজিবুর বারী, সেকেন্দার হায়াত বাহাদুর, দৈনিক বিপ্লবী বার্তার সম্পাদক ডা. জাহিদ আহমেদ চৌধুরী এবং শাহরিয়ার ইবনে জামানসহ আরও অনেকে।