


ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিন নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করেই তারা বিএনপিতে যোগ দেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে নেওয়া হয়। এ সময় ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন—এনসিপির ঝালকাঠি সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. আজাদ রহমান, যুগ্ম সমন্বয়কারী বেলায়েত হোসেন এবং সদস্য আব্বাস উদ্দিন খান।
এ বিষয়ে মো. আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন এনসিপি ঝালকাঠির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না। তিনি বলেন, যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ১৩ জুলাইয়ের পর থেকে তাদের পদ অনানুষ্ঠানিকভাবে স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে জেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটিও গঠন করা হবে। সেই প্রক্রিয়ায় তাদের নাম রাখা হয়নি।