


কক্সবাজারে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়েছে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত ১৮ আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড, ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনকে খালাস দিয়েছেন। একই মামলার সঙ্গে থাকা পৃথক অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়কে ঘিরে আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বুধবার (২০ মে) বেলা ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মোট ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ৫ম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় প্রদান করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনী ডাকাতি দমনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করেন।
এ সময় তিনি দুইজন ডাকাতকে জাপটে ধরেন। তখন ডাকাতরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে ঘাড় ও শরীরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, যা ঘটে ভোর ৪টা ৫০ মিনিটে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং ধাপে ধাপে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।
এ রায়কে ঘিরে নিহত সেনা কর্মকর্তার পরিবার ও সহকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও পুরো ঘটনাটি এলাকায় গভীর শোক ও আলোচনার সৃষ্টি করেছে। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।