


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাক–এর প্রধান সমন্বয়ক হিসেবে পরিচিত। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী।
তুলি একজন সমাজকর্মী ও মানবাধিকারকর্মী। তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন। ২০১৩ সালে রাজধানীর বনানী থেকে সুমন নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি গুমবিরোধী আন্দোলনে যুক্ত হন।
এরপর ধীরে ধীরে ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে গুম হওয়া পরিবারের দাবিগুলো সামনে আনতে শুরু করেন তিনি। মানবাধিকার ইস্যুতে দেশ-বিদেশে বিভিন্ন ফোরামেও তিনি বক্তব্য দিয়েছেন।
দলীয় রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে তার সম্পৃক্ততা তুলনামূলক নতুন হলেও বিএনপির তরুণ নেতৃত্বে তিনি এখন পরিচিত মুখ।
এর আগে তিনি ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন। পরে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।