Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের, সরাসরি না ইরানের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের, সরাসরি না ইরানের

April 04, 2026 10:17:06 PM   আন্তর্জাতিক ডেস্ক
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্পের, সরাসরি না ইরানের

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তপ্ত প্রেক্ষাপটে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন—এমন দাবি সামনে এলেও তা সরাসরি নাকচ করেছে তেহরান। মধ্যস্থতার চেষ্টাও ভেস্তে গেছে, বরং পাল্টাপাল্টি অবস্থান আরও কঠোর হওয়ায় সংঘাত নতুন মাত্রা পাচ্ছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে জানা গেছে, একটি তৃতীয় দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায়। তবে তেহরান শুরু থেকেই এই প্রস্তাবকে গুরুত্ব দেয়নি এবং যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এমনকি ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠকেও বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।

এই ঘটনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে দাবি করেছিলেন—ইরানই নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানাচ্ছে। কিন্তু ইরান সেই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে জানায়, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং তারা কোনো দুর্বল অবস্থানে নেই।

মধ্যস্থতার প্রচেষ্টাও খুব একটা সফল হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উদ্যোগে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে গেছে। একইভাবে কাতারও মধ্যস্থতাকারী হতে অনাগ্রহ দেখিয়েছে। যদিও তুরস্ক ও মিসর এখনো পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, ইরান আলোচনার জন্য নিজেদের শর্তও স্পষ্ট করেছে। তাদের দাবি—মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে এবং চলমান যুদ্ধে ইরানের অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র নিয়েও তৈরি হয়েছে ভিন্নমত। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, এক মাসের বেশি সময় ধরে সংঘাত চললেও ইরানের সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং কামিকাজে ড্রোনের বড় একটি অংশ এখনো সক্রিয় রয়েছে। এই মূল্যায়ন ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের সেই দাবির বিপরীত, যেখানে বলা হচ্ছিল ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে।

সংঘাতের মধ্যে সামরিক উত্তেজনাও বাড়ছে। ইরানের দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ‘এফ-১৫ই’ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানে থাকা দুইজন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন এখনো নিখোঁজ বলে জানা গেছে।

একই সময়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ‘এ-১০ ওর্থহগ’ মডেলের আরও একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে ওই বিমানের পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে এবং কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে আরও জটিল ও বিপজ্জনক মোড় নিচ্ছে।