Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা ঘোষণা সৌদি আরবের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা ঘোষণা সৌদি আরবের

April 25, 2026 07:28:37 PM   আন্তর্জাতিক ডেস্ক
অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলেই ১ লাখ রিয়াল জরিমানা ঘোষণা সৌদি আরবের

হজ মৌসুমকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, অবৈধ হজযাত্রীকে আশ্রয় দেওয়া, পরিবহন করা বা সহায়তা করলেই সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। একই সঙ্গে হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টাও বড় অঙ্কের জরিমানার আওতায় আনা হয়েছে।

সৌদি আরবের ওকাজ পত্রিকার বরাতে গালফ নিউজ জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন বিধান কার্যকর করেছে। ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে হজ মৌসুম শেষ পর্যন্ত, অর্থাৎ জুনের মাঝামাঝি পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একইভাবে ভিজিট ভিসা ব্যবহার করে নিষিদ্ধ সময়ে মক্কায় প্রবেশ বা অবস্থান করলেও একই শাস্তি প্রযোজ্য হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধু অবৈধ হজযাত্রী নয়—তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে অবৈধভাবে ভিসা করিয়ে দেওয়া, যাতায়াতের ব্যবস্থা করা, হোটেল বা অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ করে দেওয়া এবং ব্যক্তিগত বাসায় আশ্রয় দেওয়া—সবকিছুই অপরাধ হিসেবে গণ্য হবে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। একাধিক ব্যক্তিকে সহায়তা করলে জরিমানার পরিমাণ আরও বাড়বে।

এছাড়া অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করলে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হবে। কিছু ক্ষেত্রে অপরাধে ব্যবহৃত যানবাহনও জব্দ করার বিধান রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে হজের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং কোনো অনিয়ম দেখা গেলে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে। কর্তৃপক্ষের মতে, হজের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।