Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষক নিয়োগে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল: তদন্তের আশ্বাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষক নিয়োগে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল: তদন্তের আশ্বাস

February 02, 2026 12:11:21 PM   অনলাইন ডেস্ক
মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষক নিয়োগে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল: তদন্তের আশ্বাস

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ইসলামিক ফাউন্ডেশন মেলান্দহ শাখার পরিদর্শক আব্দুর রহমানকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এক প্রার্থীর অভিভাবকের কাছে প্রকাশ্যে ঘুষ দাবি করতে দেখা যায়।


ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এখন ২০ হাজার টাকা দিতে হবে, নিয়োগপত্র পাওয়ার পর আরও ১০ হাজার টাকা দিতে হবে। চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে। টাকা ফেরত না দিলে তোমার এলাকায় গেলে মোটরসাইকেল রেখে দিবা।” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এর আগে ভুক্তভোগী প্রার্থীরা অভিযোগ করেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তারা জানায়।


স্থানীয়দের মধ্যে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত প্রকল্পে এ ধরনের দুর্নীতি অত্যন্ত লজ্জাজনক এবং অনৈতিক।
অভিযুক্ত আব্দুর রহমান জানান, “ভুলবশত টাকা চাওয়া হয়েছে।” তিনি একই সঙ্গে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।


ইসলামিক ফাউন্ডেশনের মেলান্দহ উপজেলার সুপারভাইজার মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নিয়োগ কমিটির সভাপতি জিন্নাতুল আরা বলেন, “ঘুষ চাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।”