Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সোশ্যাল মিডিয়া / চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে হান্নান মাসউদ, পরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা - দৈনিক দেশেরপত্র - মানবতার...

চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে হান্নান মাসউদ, পরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

April 20, 2026 07:57:18 PM   অনলাইন ডেস্ক
চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে হান্নান মাসউদ, পরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

নোয়াখালীর হাতিয়ায় অসুস্থ এক জেলের চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা তৈরি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতা ও নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদ প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।


স্থানীয় সূত্র ও ফেসবুক পোস্টে দাবি করা হয়, হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিব (৩৫) নামের এক জেলে জাতীয় সংসদ নির্বাচনের পর আনন্দ মিছিলে অংশ নেওয়ার সময় হার্ট অ্যাটাক করেন। পরে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মিরাজ উদ্দিন নামের একজন স্থানীয় ব্যক্তি তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, অসুস্থ ওই জেলে স্থানীয় এমপি আবদুল হান্নান মাসউদের কাছে চিকিৎসা সহায়তা চেয়েও সময়মতো কোনো সাড়া পাননি। তার দাবি অনুযায়ী, রাকিব আগে থেকেই হান্নান মাসউদের সমর্থক ছিলেন।

অভিযোগে আরও বলা হয়, চার সন্তানের জনক রাকিবের বড় মেয়ের বয়স মাত্র ১১ বছর। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অপারেশনের তারিখ না পাওয়ায় তিনি ও তার পরিবার চরম হতাশায় ছিলেন।

মিরাজ উদ্দিন আরও জানান, তিনি নিজেও একাধিকবার বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মতে, সাধারণ মানুষের সঙ্গে এমন উদাসীনতা রাজনৈতিক নেতৃত্বের জন্য নেতিবাচক বার্তা তৈরি করে।

screenshot-2-20.jpg

এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সোমবার (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন হান্নান মাসউদ।

তিনি পোস্টে উল্লেখ করেন, বিষয়টি তিনি প্রথম জানতে পারেন গত সপ্তাহের শনিবার (১৮ এপ্রিল) রাতে। তবে ওই সময় নোয়াখালীতে একটি আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যেতে পারেননি।

তিনি আরও লেখেন, মিরাজকে তিনি জানিয়েছিলেন ঢাকায় ফিরে একসঙ্গে রোগীকে দেখতে যাবেন, কিন্তু পরবর্তীতে বিষয়টি তার মন থেকে বাদ পড়ে যায়, যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

হান্নান মাসউদ দাবি করেন, তিনি নিয়মিতভাবে রোগীদের চিকিৎসা সহায়তায় সহযোগিতা করে থাকেন, তবে অনেক সময় সেসব কাজ প্রচারের বাইরে থেকে যায়, আর ভুল বা ত্রুটিগুলোই বেশি আলোচনায় আসে।

image-58.png