


চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার জয়রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা বাজার পাড়ার আবু গাইনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কাজ শেষ করে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন আনিছুর। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক ঝাঁক মৌমাছি তাকে আক্রমণ করে। মৌমাছির কামড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। তবে সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।