


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরে দেশের জনগণের কোনো ভোটাধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা, গুম ও হত্যার শিকার হতে হতো। ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “স্বৈরাচারী শাসনের সময় দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে, তাই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ইমাম-মোয়াজ্জিনদের সম্মানীর প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিএনপি ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে।”
কুমিল্লাকে বিভাগ ঘোষণা ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ বিষয়ে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশকে পুনর্গঠন করতে নারী-পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হবে। শিক্ষায় ও অর্থনীতিতে নারীদের এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।