Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দিল্লিতে স্লিপার বাসে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-সহকারী গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

দিল্লিতে স্লিপার বাসে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-সহকারী গ্রেপ্তার

May 14, 2026 02:59:14 PM   আন্তর্জাতিক ডেস্ক
দিল্লিতে স্লিপার বাসে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-সহকারী গ্রেপ্তার

ভারতের রাজধানী দিল্লিতে একটি স্লিপার বাসের ভেতরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে দিল্লির রানিবাগ এলাকায় সোমবার রাতে। অভিযোগ অনুযায়ী, একটি স্লিপার বাসের ভেতরে দুইজন ব্যক্তি ওই নারীর ওপর যৌন নির্যাতন চালায়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

আইএএনএস-এর তথ্য অনুযায়ী, ১১ মে রাতে ওই নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে সরস্বতী বিহার এলাকার একটি বাস স্টপে দাঁড়িয়ে ছিলেন। সেখানেই একটি স্লিপার বাস এসে থামে।

অভিযোগে বলা হয়েছে, বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চাইলে ওই নারীকে জোরপূর্বক বাসের ভেতরে তুলে নেওয়া হয়। এরপর বাসটি নাংলোই এলাকায় নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ভুক্তভোগী নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। ঘটনার পর তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং দ্রুত এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তাও খতিয়ে দেখছে।

সূত্র : এনডিটিভি