


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের আঘাতে লাবনী আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাবনী আক্তার ওই এলাকার রফিকুলের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ওই সময় লাবনী আক্তার তার বাড়ির পাশেই অবস্থান করছিলেন। ঝড়ের মধ্যে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও দেখা যায় তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এই অকাল মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে হঠাৎ আসা এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় অনেক ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়েছে। শিলাবৃষ্টির কারণে মাঠের ফসলের পাশাপাশি আম ও লিচুর বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, হঠাৎ এই দুর্যোগে তাদের অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে গেল।