


বাংলাদেশের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সফলভাবে জেদ্দা পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। এ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
বিমানবন্দরে হজযাত্রীদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং হাতে তুলে দেওয়া হয় রিফ্রেশমেন্ট কিট।
এ সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের সেবায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করা হয়। এবার ধাপে ধাপে আরও হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন।