


কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ঘটে যাওয়া এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও সম্পূর্ণ পুড়ে গেছে গাড়িটি। দ্রুত যাত্রীদের নেমে যাওয়ার কারণে কোনো প্রাণহানি হয়নি।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া।
জানা যায়, একটি ভাড়ায় চালিত প্রাইভেটকার টেকনাফের শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
ঘটনার সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়তে সক্ষম হন, ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুন লাগার ঘটনায় গাড়ির চালক মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, যাত্রীদের দ্রুত পদক্ষেপ এবং উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।