


রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূ ও অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে গুলশানে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা। তারা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন মানুষের কাছ থেকে এমন শুভেচ্ছা ও উপহার পাওয়া তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর সময় বর তখনও আসেননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা জানান।
রোববার প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নবদম্পতির স্বজনরা। তারা বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের আনন্দের মুহূর্তে প্রধানমন্ত্রীর এমন অংশগ্রহণ একটি ব্যতিক্রমী ও মানবিক উদাহরণ।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক সম্পৃক্ততার প্রতীক হিসেবে দেখছেন।