Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / সেঞ্চুরি মিসের আক্ষেপে মুমিনুল, বউ হয়তো একটু গালি দেবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেঞ্চুরি মিসের আক্ষেপে মুমিনুল, বউ হয়তো একটু গালি দেবে

May 08, 2026 08:21:28 PM   ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরি মিসের আক্ষেপে মুমিনুল, বউ হয়তো একটু গালি দেবে

মিরপুর টেস্টে দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরি পূরণ করতে পারেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ৯১ রানে আউট হয়ে ‘নার্ভাস নাইন্টিজ’-এর শিকার হন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের আক্ষেপের কথা বলতে গিয়ে হাস্যরসের ছলে বলেন, সেঞ্চুরি করতে না পারায় হয়তো স্ত্রী তাকে ‘একটু গালি’ দেবেন।

শুক্রবার (৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুমিনুল। সেখানে নিজের ইনিংস ও আউট হওয়ার মুহূর্ত নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

মুমিনুল বলেন, “সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়তো একটু গালি দেবে।” তার এই মন্তব্যে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়।

তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জন্য ধারাবাহিক রান করাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। তিনি বলেন, “সত্যি কথা বলতে আমার কাছে একশর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা।”

নিজের আউট হওয়ার ব্যাখ্যায় মুমিনুল জানান, তিনি তখন দ্রুত রান তোলার চাপে ছিলেন না। বরং দিনের বাকি সময়টা স্বাভাবিক ক্রিকেট খেলেই পার করতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানের স্পিনার নোমান আলীর একটি নিচু হয়ে যাওয়া বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

তার ভাষায়, “আমার ওই রকম রানের তাড়াও ছিল না। লক্ষ্য ছিল আর এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেলা। কিন্তু যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। বলটা হঠাৎ নিচু হয়ে গেছে।”

সেঞ্চুরি না পেলেও মুমিনুলের দায়িত্বশীল ইনিংস বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ব্যক্তিগত আক্ষেপ হিসেবে থেকে গেল মাত্র ৯ রানের দূরত্বে থেমে যাওয়ার হতাশা।