Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু, গাইবান্ধায় একসঙ্গে ৪ জন নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু, গাইবান্ধায় একসঙ্গে ৪ জন নিহত

April 26, 2026 07:59:37 PM   অনলাইন ডেস্ক
সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু, গাইবান্ধায় একসঙ্গে ৪ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের তাণ্ডবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাইবান্ধায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। প্রাথমিক তথ্যে অন্তত দুইজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

জেলার ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী-
গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায় একজন, নাটোরের সিংড়ায় একজন এবং পঞ্চগড়ে একজনের মৃত্যু হয়েছে।

নাটোরের সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় চারজনের মৃত্যু হয় একই সময় বজ্রপাতে। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় আরও দুইজন প্রাণ হারান।

জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে মর্জিনা নামের এক গৃহবধূর মৃত্যু হয়। একইভাবে বগুড়ার গাবতলীর সোনারাই এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধার স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়বৃষ্টি। এ সময় বজ্রপাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে চারজন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় একটি গরুও মারা যায়।

অন্যদিকে, সাঘাটা উপজেলার পদুম শহর এলাকায় গোসল করার সময় বজ্রপাতে আহত একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় আরও একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বজ্রপাতে একের পর এক প্রাণহানির ঘটনায় বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।