Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / আইন-শৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে মুছাব্বির হত্যাকাণ্ড: সাইফুল হকের নিন্দা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

আইন-শৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে মুছাব্বির হত্যাকাণ্ড: সাইফুল হকের নিন্দা

January 08, 2026 08:03:40 PM   অনলাইন ডেস্ক
আইন-শৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে মুছাব্বির হত্যাকাণ্ড: সাইফুল হকের নিন্দা

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, “সন্ত্রাসীরা নির্বিঘ্নে গুলি চালিয়ে হত্যা করে সহজে পালিয়ে গেল, যা অতি দুঃসাহসিক ও অবিশ্বাস্য। এটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির গভীর অবনতির প্রমাণ।”

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক আরও বলেন, এর আগে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরও পুলিশ তেমন কোনো কার্যকর ভূমিকা নেয়নি। রাজধানীর বুকে এই ধরনের দুঃসাহসিক হত্যাকাণ্ড প্রমাণ করছে, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্ববর্তী ঘটনার থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি।

তিনি উল্লেখ করেন, মাত্র মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়ে এমন হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে মানুষ নিরাপদে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেন, “হত্যাকারীর পরিচয় যাই হোক না কেন, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি নিহত মুছাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজারে আম্বরশাহী মসজিদে মরহুম আজিজুর রহমান মুছাব্বিরের জানাজায় অংশগ্রহণ করেছেন সাইফুল হক।