Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পশ্চিমবঙ্গের নির্বাচন: বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৪ দিন আমদানি রপ্তানি বন্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৪ দিন আমদানি রপ্তানি বন্ধ

April 21, 2026 03:53:57 PM   অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের নির্বাচন: বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৪ দিন আমদানি রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা চার দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার ২১ এপ্রিল থেকে শুক্রবার ২৪ এপ্রিল পর্যন্ত এই বন্দরে পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করবে না।

বন্দর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিধানসভা নির্বাচনের নিরাপত্তার স্বার্থে ভারতীয় সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনায় সীমান্ত এলাকা সিলগালাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, নির্বাচনের আগের দিন, ভোটের দিন, পরের দিন এবং শুক্রবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট চার দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়। আগামী ২৫ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হবে।

পণ্য পরিবহন বন্ধ থাকলেও ইমিগ্রেশন পারাপার সীমিত পরিসরে চালু থাকবে। বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, জরুরি চিকিৎসার জন্য ভিসাধারী যাত্রী এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা স্টুডেন্ট বা ভ্রমণ ভিসায় নিজ দেশে ফিরতে পারবেন। এছাড়া নেপাল ও ভুটানের নাগরিকদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

তবে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাতায়াত এই চার দিন বন্ধ থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে কোচবিহার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।