


ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি কখনোই ইসলামকে পুঁজি করে রাজনীতি করে না। বরং ইসলামকে হৃদয়ে ধারণ করে মানবতার শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করে। তিনি বলেন, “আমাদের মাথা থেকে পা পর্যন্ত ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতা—মানুষের পাশে থাকা, সেবা করা এবং কারও ওপর জুলুম না করা।”
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় শামা ওবায়েদ আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণকে সামনে রেখেই পরিচালিত হয়। মানুষের ক্ষতি করা বা নির্যাতন করা কখনোই ইসলামের শিক্ষা হতে পারে না—এ কথা মনে রেখেই রাজনীতি করতে হবে।
নিজেকে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, জনগণের কাছে তার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। তিনি বলেন, “আপনারা ভালো থাকলেই আমার সব পাওয়া পূর্ণ হয়। যদি আপনারা আমাকে একটি ভোট দেন, তাহলে আমি আপনাদের বোন ও কন্যা হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব এবং এলাকার মানুষের জন্য কাজ করে যাব।”
শামা ওবায়েদ তার বাবার রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে বলেন, কেএম ওবায়দুর রহমান কখনো ব্যক্তিগত স্বার্থ দেখেননি। দল-মত নির্বিশেষে সবাইকে আপন করে নিয়ে মানুষের জন্য কাজ করেছেন। সেই আদর্শেই তিনি রাজনীতি করতে চান এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান বলে জানান।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।