Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

April 24, 2026 08:28:17 PM   আন্তর্জাতিক ডেস্ক
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে আগাম পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব জানিয়েছে, বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে এবং বাংলাদেশে একদিন পর অর্থাৎ ২৮ মে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শারজাহ বিশ্ববিদ্যালয়ের মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাবের তথ্য অনুযায়ী, ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন সূর্যাস্তের পর নতুন চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট, যা চাঁদ দেখার জন্য একটি অনুকূল সময় হিসেবে বিবেচিত হয়। এছাড়া সূর্যাস্তের পর পূর্ব আকাশে প্রায় ৫৭ মিনিট পর্যন্ত চাঁদ অবস্থান করবে, যা খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনাকে আরও জোরালো করে।

সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, এই পূর্বাভাস সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক গণনা ও জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

এই হিসেবে ২৬ মে মধ্যপ্রাচ্যে পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফাত দিবস’ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের লাখো মুসল্লি এদিন আরাফাতের ময়দানে অবস্থান করে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ২৮ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা ত্যাগ ও কোরবানির মহিমায় উদযাপিত হয়। হজের সঙ্গে সম্পৃক্ত এই উৎসবের তারিখ নির্ধারণে চাঁদ দেখা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রক্রিয়া হলেও আধুনিক জ্যোতির্বিজ্ঞান এখন আগাম সম্ভাব্য তারিখ নির্ধারণে সহায়ক ভূমিকা রাখছে।

সূত্র: গালফ নিউজ