


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারে ঘরোয়া ও আন্তরিক পরিবেশে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ২৪ এপ্রিল বিকেল ৩টায় শহরের জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির কক্সবাজার জেলা শাখা। মানুষের তৈরি শাসন ব্যবস্থা বাদ দিয়ে প্রকৃত ইসলামের আদর্শে ফিরে আসার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার পথে কাজ করার শপথ নেন।
জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও নোয়াখালীর শহীদী জামে মসজিদের খতিব রাকীব আল হাসান।
রাকীব আল হাসান তার বক্তব্যে বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে ইরান ইসরাইল যুদ্ধ এবং মুসলিম দেশগুলোর ওপর চলমান সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের তৈরি করা গণতন্ত্র, সমাজতন্ত্র বা রাজতন্ত্রের মতো ব্যবস্থাগুলো সাধারণ মানুষকে প্রকৃত শান্তি দিতে পারেনি। সমাজের যাবতীয় অন্যায় ও জুলুম থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া হুকুম এবং বিধান মেনে চলতে হবে। তিনি সবাইকে মানুষের তৈরি মতবাদ ছেড়ে ইসলামের সঠিক আদর্শ গ্রহণের আহ্বান জানান।
কক্সবাজার জেলা হেযবুত তওহীদের সভাপতি মুফতি মোহাম্মদ তারেক জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান সমাজব্যবস্থা শান্তি দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, তাই এখন সময় এসেছে সবাইকে এক হওয়ার। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত পথ প্রতিষ্ঠায় কাজ করার শপথ নেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।