


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন এবং গত ৪ মার্চ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ-এর প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান।
পুলিশ সূত্র জানায়, ১৯৯৬ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশে এসআই হিসেবে যোগ দেন আসাদুজ্জামান। কর্মজীবনে তিনি ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত ছিলেন।
পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি পিপিএম (বার) পদকে ভূষিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদি গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা মকবুল হোসেন। শিক্ষাজীবনে তিনি মেধাবী ছিলেন—১৯৮৭ সালে নাবান্দী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে রংপুর মেডিকেল কলেজ-এ অধ্যয়নরত এবং ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছেন।
সহকর্মীদের কাছে একজন সৎ, বিনয়ী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।