Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাব তলব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাব তলব

March 04, 2026 11:51:40 AM   অনলাইন ডেস্ক
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর ব্যক্তিগত ব্যাংক হিসাব তলব করেছে। সোমবার (২ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে পরিচালিত সব ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ ছিলেন ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি। তার পরবর্তী সময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন এবং ২৪ জুলাই গণ-অভ্যুত্থান এ নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের অন্যতম ছিলেন।

রাজনীতিতে তার পথচলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শুরু হয়, যা তখন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কর্তৃক দেওয়া হয়। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। সে সময় ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বরং এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব নেন।

এদিকে, সামনে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আসিফ মাহমুদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার সম্ভাবনার গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনও আসিফ মাহমুদ বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।