


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।
তারেক রহমান বলেন, মহানবীর ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব এবং দেশের শান্তিশৃঙ্খলাও ফিরিয়ে আনা সম্ভব। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কতা জ্ঞাপন করে বলেন, কিছু রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে মানুষের সঙ্গে প্রতারণা করছে, যা মুসলমানদের জন্য নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই সময়ে অনেক শহিদ হয়েছেন, বহু মা-বোনের সম্মানহানি ঘটেছে এবং দেশের মানুষ সেই সত্যকে চেনেছে। তাই দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি সতর্ক করেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়, দেশে-বিদেশে বসে নানা কৌশলে দেশ ও জনগণকে প্রভাবিত করতে চাচ্ছে। অতীতেও জনগণ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করবে বলে জানান তারেক রহমান।
চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার হরণ করা হয়েছে। ব্যালট ছিনতাই, নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং বিদেশি প্রভাবের মাধ্যমে দেশের স্বতন্ত্র নীতি বাধাগ্রস্ত হয়েছে। এ সময়ে অর্থ লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই অবস্থার পরিবর্তন করতে হলে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন।
তারেক রহমান বলেন, লাখ লাখ মানুষের অংশগ্রহণের এই সমাবেশ এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বহু মানুষ জীবন দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার মতো একত্রিত জনতার প্রচেষ্টা দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করেছে।